নাসির উদ্দিন, বরুড়া -
কালের প্রবাহে হারিয়ে গেছে বহু ইতিহাস, কিন্তু প্রকৃতির বুকেই আজও দাঁড়িয়ে আছে প্রায় ৫০০ বছরের এক জীবন্ত সাক্ষী।
কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শীলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামে অবস্থিত এই প্রাচীন বটগাছটি স্থানীয়দের কাছে এখন রহস্য, বিস্ময় ও ঐতিহ্যের প্রতীক।
স্থানীয়দের ধারণা, গাছটির বয়স ৪০০ থেকে ৫০০ বছরেরও বেশি। একসময় জনমানবশূন্য এই এলাকায় বরুড়া বিজরা সড়কের পাসেই গাছটির জন্ম। বিশাল কাণ্ড, শত ডালপালা আর ঘন সবুজ পাতায় গাছটি যেন আজও পাহারা দিচ্ছে পুরো গ্রামকে।
এই বটগাছকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ও লোককথা। স্থানীয়রা জানান একসময় রাতে এখানে ঘোড়ার চলার শব্দ শোনা যেত। ভয়ে কেউ গাছের কাছে আসত না।”
গাছের ডাল কাটলে নাকি অশুভ ঘটনা ঘটলে এমন বিশ্বাস ছিল এলাকায়।
যদিও এসব গল্পের কোনো প্রমাণ নেই, তবুও স্থানীয়দের কাছে এই বটগাছ শুধুই গাছ নয় এটি তাদের ইতিহাস ও প্রকৃতির এক অমূল্য নিদর্শন। গ্রামবাসীরা বলছেন, যথাযথ সংরক্ষণ না হলে ভবিষ্যৎ প্রজন্ম হারাবে বরুড়ার এক জীবন্ত ঐতিহ্য